বিএমডিএতে নতুন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর, কাজে গতি ফেরার আশা
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক সেচ বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলম খান। এক বছরের জন্য নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি।জাহাঙ্গীর আলম খান বিএমডিএর সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সেচ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পর প্রতিষ্ঠানের নিজস্ব একজন অভিজ্ঞ কর্মকর্তাকে নির্বাহী পরিচালক পদে দায়িত্ব দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সন্তোষ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিএমডিএ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক পদে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করে আসছিলেন। এ কারণে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিএমডিএর অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্য থেকে নির্বাহী পরিচালক নিয়োগের দাবি ছিল।কর্মরতদের প্রত্যাশা, জাহাঙ্গীর আলম খানের দীর্ঘ অভিজ্ঞতা ও প্রকৌশল দক্ষতার কারণে বিএমডিএর বিভিন্ন কার্যক্রমে নতুন গতি আসবে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের সেচ, পানি ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন এবং অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞ একজন কর্মকর্তার নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয় ও মাঠপর্যায়ের কাজ আরও গতিশীল হবে।
নতুন নির্বাহী পরিচালকের যোগদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে তারা আশা করছেন, জাহাঙ্গীর আলম খানের দক্ষ নেতৃত্বে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।