মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জামালপুরে ভয়াবহ দুর্ঘটনায় বিচারক ছামিউল হকের মৃত্যু, চালক গুরুতর আহত

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম ছামিউল হক নামে এক সিভিল জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।সোমবার ভোর ৪টার দিকে জামালপুরের লাহিড়ীকান্দা কানিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এ কে এম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছোটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে।জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, বিচারক ছামিউল হক ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন। পথে লাহিড়ীকান্দা কানিল এলাকায় রডবোঝাই একটি ট্রাকের চাকা ফুটো হয়ে যায়। ট্রাকটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন বলে পুলিশ জানিয়েছে। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিচারক ছামিউল হককে মৃত ঘোষণা করেন। আহত চালক ইদ্রিস আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।একজন নবীন বিচারকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোক বিরাজ করছে জামালপুরের আদালত প্রাঙ্গণেও। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

জামালপুরে ভয়াবহ দুর্ঘটনায় বিচারক ছামিউল হকের মৃত্যু, চালক গুরুতর আহত