জাবিতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ, হোটেল বন্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে হল প্রশাসন ও হল সংসদ। অভিযানে একটি খাবারের দোকান থেকে রান্নার প্রস্তুত অবস্থায় পিরানহা মাছ উদ্ধার করে জব্দ করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলসংলগ্ন গেরুয়ার ঢালের খাবারের দোকানগুলোতে এ যৌথ অভিযান চালানো হয়।অভিযান শেষে হল প্রশাসন ও হল সংসদের প্রতিনিধিরা দোকান মালিকদের নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি না করার নির্দেশ দেন। একই সঙ্গে রূপচাঁদা মাছের নামে অন্য কোনো মাছ বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।শহীদ রফিক-জব্বার হলের গণিত বিভাগের শিক্ষার্থী বাবর জানান, গেরুয়ার ঢালের কয়েকটি দোকানে রূপচাঁদা মাছের নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। এ ঘটনায় একটি দোকানের কর্মচারীদের সঙ্গে তার বাগ্বিতণ্ডাও হয়।তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে নিষিদ্ধ মাছ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারির দাবি জানান।হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরীফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পর হল প্রশাসন ও হল সংসদ যৌথভাবে অভিযান চালায়। তল্লাশিতে লামিসার হোটেলে রান্নার জন্য প্রস্তুত অবস্থায় পিরানহা মাছ পাওয়া যায়। দোকান কর্তৃপক্ষও মাছটি পিরানহা বলে স্বীকার করেছে।শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার বলেন, খাবারের দোকানগুলোকে এর আগেও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।