জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান সুমাইয়া।পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। সুমাইয়া জানান, সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে ভাবিয়েছে। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তবে তার পদত্যাগকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন সুমাইয়া। তিনি এটিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক রাজনীতি থেকে সাময়িক বিরতি হিসেবে উল্লেখ করেছেন। শনিবার (৩ অক্টোবর) এ বিষয়ে কথা বলতে গিয়ে সুমাইয়া বলেন, সমসাময়িক ক্যাম্পাস রাজনীতির কর্মকাণ্ড তাকে ভাবিয়েছে। তবে তিনি নিজের রাজনৈতিক আদর্শে অটল রয়েছেন বলে জানান।তিনি আরও বলেন, পদটি তার কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। পদে না থেকেও বাংলাদেশি জাতীয়তাবাদের একজন কর্মী হিসেবে কাজ করতে চান তিনি। নিজের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে দেওয়া এক জবাবেও তিনি লিখেছেন, ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়। বহিষ্কার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?’ সুমাইয়ার পদত্যাগের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে তার কোনো মন্তব্য নেই।উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।