জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট সৌরবিদ্যুৎ দিলেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের এক হাজার ইউনিট নিজে ব্যবহার এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, সমবায় ভবনসহ দেশের বিভিন্ন জাতীয় ও সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে।বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িক কার্যক্রম হিসেবেও বিবেচনা করার কথা তুলে ধরেন তিনি।দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইউএনওদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।মীর শাহে আলম বলেন, দরিদ্র মানুষ তাৎক্ষণিক সহায়তার জন্য ইউএনওদের কাছে আসে। তাই প্রত্যেক ইউএনওর জন্য একটি ঐচ্ছিক ফান্ড থাকা প্রয়োজন, যাতে জরুরি প্রয়োজনে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া যায়।জনপ্রশাসন মন্ত্রণালয় এ অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।ডিসি সম্মেলনের মতো ইউএনওদেরও বার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তিনি। এতে উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড, সমস্যা ও দাবি-দাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে জানান।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।