মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

জাতীয় ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়ায় ঝালকাঠিতে শুভকে সংবর্ধনা

জাতীয় ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান শুভকে সংবর্ধনা দিয়েছেন জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।আজ ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, ঝালকাঠি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুবুল আলম মজুমদার এবং ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ।এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), বিডিক্লিন, নবজাগরণ ও ইয়ুথনেট গ্লোবালসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক তরুণ স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে অংশ নেন।আরিফুর রহমান শুভ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার, যুব উন্নয়ন, দুর্যোগকালীন সহায়তা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেছেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “শুভর এই অর্জন ঝালকাঠির সবার জন্য গৌরব ও সম্মানের। যে বয়সে অনেক তরুণ ভুল পথে পরিচালিত হতে পারে, সেই বয়সে শুভ মানবিক কাজের মাধ্যমে জাতীয় স্বীকৃতি অর্জন করেছে। আমরা ঝালকাঠির তরুণদের সামনে শুভকে একজন অনুকরণীয় আদর্শ হিসেবে তুলে ধরতে চাই।”যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন বলেন, “শুভর অর্জনে আমরা গর্বিত। তাঁর মতো তরুণেরা স্বেচ্ছাসেবা ও সমাজ উন্নয়নের কাজে এগিয়ে এলে দেশ আরও সমৃদ্ধ হবে। আমরা ভবিষ্যতেও এমন তরুণদের দেখতে চাই।”পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ঝালকাঠিতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই শুভ তাঁদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরিবেশ ও জলবায়ু নিয়ে তাঁর কাজের প্রশংসা করে তিনি শুভকামনা জানান। তাঁর এই অর্জন অন্য তরুণদেরও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।ঝালকাঠির স্বেচ্ছাসেবীদের পক্ষে ইয়ুথনেট গ্লোবালের বিভাগীয় সমন্বয়কারী সাজিদ মাহমুদ বলেন, “শুভ ভাইয়ের এই অর্জনে আমরা গর্বিত। তিনি বিভিন্ন প্রয়োজনে আমাদের সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন। আমরাও তাঁর মতো কাজের মাধ্যমে জাতীয় পর্যায়ে ঝালকাঠিকে প্রতিনিধিত্ব করতে চাই।”নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুর রহমান শুভ বলেন, “ঝালকাঠির সবার প্রতি আমি কৃতজ্ঞ। দেশজুড়ে কাজ করলেও ঝালকাঠি আমার প্রাণের জেলা। এখানকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এই স্বীকৃতি ঝালকাঠির মানুষের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”তিনি আরও জানান, প্রাপ্ত পুরস্কারের সম্পূর্ণ অর্থ প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় ব্যয় করতে চান।অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং পরিবেশ ও সমাজ উন্নয়নে তাঁদের ভূমিকা বাড়াতে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়া তরুণদের সম্মাননা জানানো অন্যদেরও মানবিক ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।আয়োজকদের মতে, এ সংবর্ধনা শুধু একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরুণকে সম্মান জানানোর আয়োজন নয়; বরং ঝালকাঠির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ।

জাতীয় ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পাওয়ায় ঝালকাঠিতে শুভকে সংবর্ধনা