শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মাধবপুরে জাতীয় চার নেতার ছবি সরানোয় প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। প্রায় এক মাস আগে তৎকালীন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তৎকালীন ইউএনও বদলি হওয়ার পর স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে অপসারণ করা ছবিগুলো পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ছিল। যথাযথ প্রক্রিয়া ছাড়া ছবিগুলো অপসারণ করা হয়েছে দাবি করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় চার নেতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানান।এ বিষয়ে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত জাতীয় চার নেতার ছবি পুনরায় স্থাপন করা হোক।

মাধবপুরে জাতীয় চার নেতার ছবি সরানোয় প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের