সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশ সিরিজের আগে চোট শঙ্কা, পিঠে টান ইংলিসের

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়া শিবিরে দেখা দিয়েছে চোটের শঙ্কা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই পিঠে টান লাগায় ব্যাটিং অসমাপ্ত রেখে মাঠ ছাড়তে হয়েছে উইকেটকিপার ব্যাটার জশ ইংলিসকে।সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অস্ট্রেলিয়া দলের নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচে এ ঘটনা ঘটে। ৮ রান করার পর পিঠে অস্বস্তি অনুভব করেন ইংলিস। পরে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি এবং তাকে ন্যাশনাল ক্রিকেট সেন্টারের চিকিৎসাকক্ষে নেওয়া হয়।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইংলিসের চোট গুরুতর নয়। কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে দল। তবে এর আগে পিঠের সমস্যায় ভোগার ইতিহাস থাকায় বিষয়টি সতর্কতার সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া।২০২৫ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পিঠের টানের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল ইংলিসকে। কয়েক বছর ধরেই এই সমস্যা তাকে ভোগাচ্ছে বলে জানিয়েছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে একাদশে ইংলিসের জায়গা নিশ্চিত নয়। উইকেটকিপার হিসেবে অ্যালেক্স ক্যারি এগিয়ে থাকলেও প্রয়োজনে মিডল অর্ডার ব্যাটার হিসেবেও ইংলিসকে বিবেচনা করছে অস্ট্রেলিয়া। তাই তার চোট দলের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।তবে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া পেয়েছে কিছু ইতিবাচক খবর। দীর্ঘদিনের হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরে নাথান লায়ন নিয়েছেন ৩ উইকেট। এছাড়া প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড প্রত্যেকে ১০ ওভার করে বোলিং করেছেন। ব্যাট হাতে মার্নাস লাবুশেন করেছেন ৬২ রান। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সিরিজের আগে চোট শঙ্কা, পিঠে টান ইংলিসের