সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ, দুর্ভোগে পাটগাঁওবাসী
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পীর মাঠ এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে পানি জমে গিয়ে আশপাশের শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, মাঠের ওপর দিয়েই গ্রামের অনেক মানুষের একমাত্র যাতায়াতের পথ। কিন্তু কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পুরো পথ পানির নিচে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এক স্থানীয় বাসিন্দা বলেন, “অল্প বৃষ্টিতেই মাঠ পানিতে ভরে যায়। তখন হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।”এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও স্থায়ী সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।স্থানীয় প্রবীণরা জানান, একসময় বিশ্বাস পীর মাঠ ছিল গ্রামের খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, উৎসব ও সামাজিক আয়োজন এই মাঠকে ঘিরেই অনুষ্ঠিত হতো। কিন্তু অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি এখন বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে।পাটগাঁওবাসীর দাবি, দ্রুত মাঠ সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, যাতায়াতের রাস্তা উন্নয়ন এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্বাস পীর মাঠ আবারও গ্রামের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ফিরে আসবে।