গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রাসেল শিকদার (৪০) নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।আহত রাসেল শিকদার ওই গ্রামের আব্দুল হালিম শিকদারের ছেলে। তিনি প্রায় তিন মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া ও পাটগাতী মৌজার ১৪১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে রাসেল শিকদারদের সঙ্গে প্রতিবেশী মিজান শিকদার ও বাচ্চু মোল্লাদের বিরোধ এবং মামলা-মোকদ্দমা চলে আসছিল।অভিযোগ রয়েছে, গত বুধবার মিজান শিকদার, বাচ্চু মোল্লা, তাঁর ছেলে হাসিব মোল্লাসহ পরিবারের কয়েকজন সদস্য রাসেল শিকদারের বাড়িতে হামলা করেন। এ ঘটনায় ওই দিন বিকেলে রাসেল টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।এরপর বৃহস্পতিবার দুপুরে নামাজ শেষে রাসেল বাড়ির পাশের একটি দোকানে অবস্থান করছিলেন। এ সময় মিজান শিকদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। রাসেলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাসেলকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান।আহত রাসেলের চাচা ওহিদ শিকদার অভিযোগ করে বলেন, মিজান শিকদার ও বাচ্চু মোল্লাদের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে মামলা চলছিল। বুধবার আদালতে সাক্ষী হাজির করতে না পারায় মামলায় হেরে যাওয়ার আশঙ্কা থেকে তাঁরা আদালত থেকে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেন। পরদিন বৃহস্পতিবার বাড়ির সামনে রাসেলকে একা পেয়ে কুপিয়ে জখম করা হয়। তাঁদের বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।এদিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত রাসেলের চাচা ওহিদ শিকদার বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।