শনিবার, ২৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে উল্টো রথে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রা উপলক্ষে নাসিরনগর উপজেলা সদরসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে নাসিরনগর সদর পশ্চিমপাড়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথের দড়ি টানাকে এ উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে দেখা হয়। ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে ভক্তরা এতে অংশ নেন।ভক্তদের বিশ্বাস, আন্তরিক ভক্তিভরে রথের দড়ি টানলে ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ লাভ হয়। রথযাত্রা শুধু ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবেও বিবেচিত।উৎসবকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে নির্বিঘ্নে ধর্মীয় আয়োজন সম্পন্ন করা যায়। পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রথযাত্রার ব্যাপক প্রচলন থাকলেও বাংলাদেশেও দীর্ঘদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

নাসিরনগরে উল্টো রথে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব