পরিচ্ছন্ন ছাতক গড়তে গৃহস্থালির ময়লা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সুনামগঞ্জের ছাতক পৌরসভা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের পর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।সোমবার দুপুরে পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুর আখড়া ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাবেক কাউন্সিলর, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্ন নগর গঠনে এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন।পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসতে হবে। নিয়মিতভাবে গৃহস্থালির ময়লা সংগ্রহ ব্যবস্থা চালু করার মাধ্যমে ছাতক পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।