সৈয়দপুরে নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ
নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের নিরাপত্তা জোরদার ও চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। এর আগে একই দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্লাজা সুপার মার্কেটের সামনে শেরে বাংলা সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন ব্যবসায়ীরা। বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি চলছিল বলে জানা গেছে। দাবি পূরণ না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।শত শত ব্যবসায়ী চেয়ার-টেবিল ও পাটি বিছিয়ে সড়কে অবস্থান নেওয়ায় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৈয়দপুর শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।ব্যবসায়ীদের অভিযোগ, দিনের বেলায় মার্কেটের দুটি দোকানের তালা কেটে চুরির ঘটনায় মার্কেটের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ীরা।চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ইনফিনিক্স মোবাইল শোরুম ও বিদ্যুৎ জুয়েলার্সের ব্যবসায়ীরা জানান, গত ১৫ সেপ্টেম্বর সকালে দোকানের তালা কেটে চুরি হয়। তাদের দাবি, এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।
এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।