অগ্নিসন্ত্রাসে জুলাইপন্থিদের দমিয়ে রাখা যাবে না: এনডিএফ

অগ্নিসন্ত্রাস, ভয়ভীতি কিংবা সহিংসতা চালিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতারা। তারা বলেছেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে।একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে চিকিৎসা পেশায় দলীয়করণ, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে পদায়ন এবং মেধাবী চিকিৎসকদের বঞ্চিত করার অভিযোগ তুলে এসব বৈষম্যের অবসান দাবি করেছেন চিকিৎসক নেতারা।শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তারা। জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন এনডিএফ এ কর্মসূচির আয়োজন করে।এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি প্রতিবাদ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জুলাই আন্দোলনে চিকিৎসকদের অবদান স্মরণসমাবেশে এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসক সমাজের অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আন্দোলনের উত্তাল দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা আহতদের সেবা দিয়েছেন। হাসপাতাল, জরুরি বিভাগ ও রাজপথে তারা মানবিক দায়িত্ব পালন করেছেন।তিনি বলেন, গুলিবিদ্ধ ও গুরুতর আহত আন্দোলনকারীদের জীবন বাঁচাতে অনেক চিকিৎসক দিনরাত কাজ করেছেন। ভয়ভীতি ও প্রতিকূলতার মধ্যেও তারা চিকিৎসাসেবা থেকে পিছিয়ে যাননি। জুলাই আন্দোলনে চিকিৎসকদের এই অবদান অস্বীকার করার সুযোগ নেই।আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে চিকিৎসা পেশাকে দলীয়করণ করা হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে পদায়ন, পদোন্নতি ও সুযোগ-সুবিধা পাওয়ার অন্যতম মাপকাঠি করা হয়েছিল। এতে বহু দক্ষ ও যোগ্য চিকিৎসক যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন।চিকিৎসা পেশায় মেধা, যোগ্যতা ও পেশাগত মর্যাদা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সহিংসতায় মনোবল ভাঙা যাবে নাএনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালিয়ে বিপ্লবীদের মনোবল ভাঙা সম্ভব নয়। ভয়ভীতি কিংবা নাশকতা করে জুলাইয়ের চেতনার পক্ষের মানুষকে রাজপথ থেকে সরানো যাবে না। জুলাইপন্থিরা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।এনডিএফ দক্ষিণ শাখার সভাপতি ডা. মারুফ শাহরিয়ার বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। অতীতের দমন-পীড়ন ও অপশাসনের রাজনীতি ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত।জুলাইয়ের চেতনায় আপসহীন থাকার ঘোষণাসমাবেশের আয়োজক ও এনডিএফের বিএমইউ শাখার সভাপতি ডা. ফারুক হোসাইন বলেন, গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা মনে করছেন, এর মাধ্যমে পুরো দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, তারা ভুল করছেন। বিচ্ছিন্ন সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত করা কিংবা জুলাইয়ের অর্জন ম্লান করা যাবে না।তিনি বলেন, এনডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। জুলাই আন্দোলনের সময় রাজপথ থেকে হাসপাতাল পর্যন্ত আহতদের চিকিৎসাসেবা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করেছেন।ভবিষ্যতেও যেকোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রশ্নে তারা আপসহীন থাকবেন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনডিএফের বিএমইউ শাখার সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ, অর্থ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অফিস সম্পাদক ডা. সারোয়ার তুহিন, সংগঠনটির মহিলা বিভাগের নেত্রীসহ অন্যান্য নেতাকর্মীরা।

অগ্নিসন্ত্রাসে জুলাইপন্থিদের দমিয়ে রাখা যাবে না: এনডিএফ