মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

নো সিকিউরিটি, নো সার্ভিস, খুলনায় চিকিৎসকদের হুশিয়ারি

হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন খুলনার চিকিৎসকেরা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে নগরীর সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার মিলনায়তনের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন।সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, নগরীর যেসব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও দ্রুত পুলিশি সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন। কোনো কোনো ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।তিনি বলেন, খবর পাওয়ার পর সাধারণত ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশের ঘটনাস্থলে পৌঁছানোর কথা। কিন্তু এত বিলম্বের কারণ কী এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদেই তাঁরা রাজপথে নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা দিতে পারবেন। অন্যথায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি পূরণ না করলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তাঁরা।তাঁরা জানান, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।বক্তারা আরও বলেন, একসময় খুলনা শান্তির নগরী হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের ঘটনায় সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে। গত কয়েক মাসে প্রায় অর্ধশত মানুষ হত্যার শিকার হয়েছেন বলেও তাঁরা দাবি করেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা অব্যাহত থাকলে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই হামলা ও চাঁদাবাজিতে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ ও নির্বাহী প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।সমাবেশে আরও অভিযোগ করা হয়, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ভয়ে বেসরকারি ক্লিনিক মালিক ও অনেক চিকিৎসক প্রকাশ্যে প্রতিবাদ করতে পারছেন না। তাঁদেরও সম্মিলিত আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নো সিকিউরিটি, নো সার্ভিস,  খুলনায় চিকিৎসকদের হুশিয়ারি