মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুড়িয়ে ধ্বংস অবৈধ জাল

ঝালকাঠির সুগন্ধা ও বাসন্ডা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।সোমবার (২৯ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও)সেগুফতা মেহনাজ। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস. এম. মেহেদী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং ঝালকাঠি নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় পরিচালিত অভিযানে সুগন্ধা ও বাসন্ডা নদী থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, জাটকা ও অন্যান্য দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব কর্মসূচির আওতায় জাটকা সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। কর্মসূচির প্রতিপাদ্য জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি।

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুড়িয়ে ধ্বংস অবৈধ জাল