বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে শিশুর চার্জার ভ্যান নিয়ে পালাল প্রতারক চক্র

নীলফামারীর সৈয়দপুরে অভিনব কৌশলে প্রতারণা করে এক শিশুর পরিবারের একমাত্র আয়ের উৎস চার্জার ভ্যান নিয়ে পালিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের আর্মি চেকপোস্ট মোড়ে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুটির নাম রেজওয়ান (১৩)। সে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে।রেজওয়ান জানায়, রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরে বাসার মালামাল নেওয়ার কথা বলে তাকে একটি চার্জার ভ্যানসহ ভাড়া করে নিয়ে আসে। ঘটনাস্থলে পৌঁছে তারা তাকে পাশের দোকান থেকে পান আনতে পাঠায়।সে ফিরে এসে দেখতে পায়, তার ভ্যান ও সঙ্গে থাকা অপর ভ্যানসহ ওই দুই ব্যক্তি আর নেই।রেজওয়ান বলেন, আমাকে দোকান থেকে পান আনতে পাঠিয়ে তারা ভ্যান নিয়ে চলে গেছে। শুধু ভ্যানের চাবি আমার হাতে। বাবার অসুস্থতার কারণে ভ্যান চালিয়ে সংসারে সাহায্য করছিলাম। এখন শেষ সম্বলটাও হারিয়ে ফেললাম।শিশুটির কান্নাকাটি দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে কয়েকজন তার আকুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। খবর পেয়ে অসুস্থ বাবাসহ স্বজনরা এসে রেজওয়ানকে নিয়ে যান।এদিকে একই সড়কে এর আগের দিন বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। সৈয়দপুর-পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আরিফুজ্জামান জানান, স্ত্রীকে নিয়ে অটোভ্যানে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পেছন থেকে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুর ভ্যান হারানোর বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, শহরজুড়ে পুলিশি টহল বাড়ানো হয়েছে। যেসব ঘটনার খবর পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

সৈয়দপুরে শিশুর চার্জার ভ্যান নিয়ে পালাল প্রতারক চক্র