হবিগঞ্জে ৩ দিনব্যাপী চারুকলা উৎসব শুরু, প্রদর্শনীতে ৪৫০ চিত্রকর্ম
হবিগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টায় রাজনগরস্থ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। পরে ফিতা কেটে আর্ট গ্যালারি পরিদর্শন করেন তিনি।জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জের আয়োজনে এ উৎসবে জেলার নবীন-প্রবীণ চিত্রশিল্পীরা অংশ নিয়েছেন।১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে চারুকলা প্রদর্শনী। এতে ৩২০ জন নবীন ও তরুণ শিল্পীর ৪৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।প্রদর্শনীতে স্থান পেয়েছে হবিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশাত্মবোধ, প্রকৃতি, পর্যটন ও জনজীবনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক চিত্রকর্ম।উৎসবের অংশ হিসেবে ২ ও ৩ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় থাকবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। একই দিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চারুকলা বিষয়ক কর্মশালা।এছাড়া ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘রং তুলিতে হবিগঞ্জের প্রকৃতি ও পর্যটন’ শীর্ষক আর্টক্যাম্পের উদ্বোধন হবে। এতে হবিগঞ্জের ২৪ জন চারুশিল্পী অংশ নেবেন।৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপির।নবীন-প্রবীণ শিল্পীদের পদচারণায় ইতোমধ্যে মুখরিত হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ক্যাম্পাস।