বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

চামড়াশিল্পে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রিজভী

দেশের চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, দেশের চামড়াজাত শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কুটিরশিল্পের কোনো বিকল্প নেই।বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভবনে আয়োজিত ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বাংলাদেশে চামড়াজাত পণ্যের দীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরে রিজভী বলেন, বিশেষ করে দেশের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের চামড়া বিশ্বজুড়ে সমাদৃত। এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে উন্নত মানের জুতা ও বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব।তিনি বলেন, প্রতিবছর কোরবানির ঈদে সংগৃহীত বিপুল পরিমাণ চামড়া প্রক্রিয়াজাত করতেই হিমশিম খেতে হয়। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ জুতার কারখানা গড়ে তুলতে পারলে দেশের উৎপাদিত জুতার শতভাগই বিদেশে রপ্তানি করা সম্ভব। এ সময় ট্যানারির রাসায়নিক বর্জ্য যাতে নদী ও পরিবেশে না মেশে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন রিজভী। বর্জ্য থেকে রাসায়নিক পৃথক করার পাশাপাশি ব্যবহৃত পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

চামড়াশিল্পে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রিজভী