সব পাপ মুছে শান্তির পথে পপি, আর ফিরবেন না সিনেমায়?
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। তবে বেশ কিছুদিন ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত পপি।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন, ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে জীবনের বাকি সময়টা শান্তি ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানান অভিনেত্রী।পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই।তার এমন বক্তব্যে চলচ্চিত্রে ফেরার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। এর আগে ভালো কোনো কাজ পেলে আবার পর্দায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন পপি। তবে সাম্প্রতিক কথাবার্তায় মনে হচ্ছে, সিনেমার ঝলমলে জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়ার দিকেই এগোচ্ছেন তিনি।১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এরপর দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
বর্তমানে সংসারী জীবনে পপি এক পুত্রসন্তানের মা। সিনেমা থেকে দূরে থাকা এই অভিনেত্রীর নতুন জীবনযাত্রা ও ভবিষ্যৎ সিদ্ধান্ত এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।