বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফতাবকে বহিষ্কার করল এনসিপি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মো. আফতাব মজুমদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপি চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ও প্রচার-প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।এ সিদ্ধান্ত ২৩ জুলাই থেকেই কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের কোনো সম্পর্ক থাকবে না।এর আগে বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ জানান, নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় আফতাব মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এনসিপির চট্টগ্রাম মহানগর দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।

ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফতাবকে বহিষ্কার করল এনসিপি