মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, ফের নির্বাচনের ইঙ্গিত

ঢাকা, ৩০ জুন: ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।রায়ের পর সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এ আসনের ভোটাররা আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। অভিযোগের পরও নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।তবে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।অবশেষে মঙ্গলবারের রায়ে আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দেন। এর ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারালেন। একই সঙ্গে চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও সামনে এসেছে।

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, ফের নির্বাচনের ইঙ্গিত