নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে একটি তাজা বা সক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়ার আশির উদ্দিন শাহের পুকুরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোসল করতে যান স্থানীয় দুই যুবক তানভির ও আনসারুল। এ সময় তানভিরের পায়ে গ্রেনেডটি স্পর্শ করলে তারা সেটি পানির নিচ থেকে তুলে পুকুরপাড়ে রাখেন। পরে পলিথিনে মুড়িয়ে বিষয়টি পুলিশকে জানান।তাদের দাবি, সৈয়দপুর থানায় বিষয়টি জানানোর পর সেটিকে খেলনা বলে গুরুত্ব দেওয়া হয়নি। পরে তারা র্যাবকে বিষয়টি অবহিত করেন।খবর পেয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি এটিএম তৌহিদুল ইসলাম ও কোম্পানি কমান্ডার আশরাফুল কবির।র্যাবের সদস্যরা গ্রেনেডটি সক্রিয় বলে শনাক্ত করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে রংপুর থেকে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে আসে।সার্জেন্ট আব্দুল বারীর নেতৃত্বে ওই দলটি গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ করছে। প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেনেডটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছিল।