টুঙ্গিপাড়ায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। আগুনে ব্যাংক কার্যালয়ের একটি দরজার আংশিক ক্ষতি হলেও ভেতরের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে।ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ করেন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেওয়া মো. সুজন মোল্লা। ভিডিওতে তাঁকে আরও দুই ব্যক্তির সঙ্গে ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা যায়।এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরে ব্যাংকের প্রধান ফটকের তালা ভাঙারও চেষ্টা করেন তাঁরা।ভিডিওতে সুজন মোল্লাকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়ায় হবে না।’গ্রামীণ ব্যাংকের পাটগাতী শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কাজে বাইরে ছিলেন। দুপুরে কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে তাঁরা সেখানে যান। পরে দেখতে পান, আগুনে একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে কার্যালয়ের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এদিকে, ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।