বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

ডন সিন্ডিকেট ফিরেছে দেশে: রনির বিস্ফোরক মন্তব্য

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, শেখ হাসিনার আমলে প্রকাশ্য ডন সিন্ডিকেট সংস্কৃতি ততটা ছিল না, তবে বর্তমানে সেই প্রবণতা আবার ফিরে এসেছে।সাম্প্রতিক এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের সময় দেশের আন্ডারওয়ার্ল্ডে কালা জাহাঙ্গীর, ডাকাত শহীদ, ডেভিডসহ একাধিক কুখ্যাত সন্ত্রাসীর উত্থান ঘটে। তার মতে, সেই সময়ের অপরাধচক্র এখন নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে।রনি আরও বলেন, ওই সময় ব্যাংকপাড়াকেন্দ্রিক বাকের নামে এক সিবিএ নেতার ব্যাপক দাপট ছিল। তার ভাষায়, বর্তমানে আর্থিক খাতে এমন হাজারো বাকের তৈরি হয়েছে, যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করছে এবং পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মধ্যে ফেলছে।তিনি অভিযোগ করেন, বর্তমান মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের আমলে মব কালচার বেড়েছে। নিয়োগ, বদলি ও পদোন্নতিতে এখন তিনটি বিষয় টাকা, অযোগ্যতা এবং আনুগত্য প্রধান ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।রনির ভাষায়, যোগ্যতা নয়, বরং কে কত অর্থ দিতে পারে এবং কার রাজনৈতিক লবি কত শক্তিশালী এটাই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে ব্যাংক-বীমাসহ পুরো আর্থিক খাতে অস্থিরতা তৈরি হয়েছে।তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য এখন মানুষের কাছে গুরুত্ব হারিয়ে ট্রল হিসেবে ছড়িয়ে পড়ছে। এতে সরকারকে দুর্বল ও অকার্যকর হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।এ সময় তিনি দাবি করেন, প্রশাসনে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক ব্যক্তি নিষ্ক্রিয় বা চাকরিচ্যুত হওয়ায় সেই শূন্যতা দখল নিয়ে নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে টানাপড়েন চলছে বলেও উল্লেখ করেন তিনি।তার মতে, এই পরিস্থিতিতে কিছু পদ-পদবি কার্যত টেন্ডার-এ পরিণত হয়েছে। এতে যোগ্য ও সৎ কর্মকর্তারা পিছিয়ে পড়ছেন, আর বিতর্কিত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসছেন। ফলে প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।রনি সতর্ক করে বলেন, জনগণ যদি ধারাবাহিকভাবে সেবা থেকে বঞ্চিত হয়, তাহলে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের প্রভাব পড়বে। ইতোমধ্যে ভ্যাট আদায় নিয়ে মাঠপর্যায়ে কর্মকর্তাদের জনরোষের মুখে পড়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। সবশেষে তিনি বলেন, দলবাজি ও নেতৃত্বের সংকট থেকেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিল এবং বর্তমানে যারা দায়িত্বে রয়েছে দুই পক্ষের ব্যর্থতার কারণেই রাষ্ট্রযন্ত্র দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডন সিন্ডিকেট ফিরেছে দেশে: রনির বিস্ফোরক মন্তব্য