অভয়নগরে এমপি অধ্যাপক গোলাম রছুলের মতবিনিময় সভা, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা
যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ জুলাই) দুপুর ৩টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ ফারাজী।সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সমস্যা ও বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি সকলের অংশগ্রহণে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত অভয়নগর গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হুসাইন, উপজেলা সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা ও পৌর সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।