বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জের প্রবীণ আইনজীবী গোলাম মেহেদী খান আর নেই

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, সিনিয়র অ্যাডভোকেট এবং জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম মেহেদী খান আর নেই।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের হীরাবাড়ি সড়কে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। দীর্ঘ কর্মজীবনে গোপালগঞ্জের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। জেলা আইনজীবী সমিতির সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে গোলাম মেহেদী খান স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জের বিচারাঙ্গন ও আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে। জেলা জজশিপ, জেলা ম্যাজিস্ট্রেসি ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোক জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বর্তমান পিপি অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম, সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান।এছাড়া গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।পারিবারিক সূত্রে আরও জানা গেছে, গোলাম মেহেদী খানের নামাজে জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জানাজার স্থান ও সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।সহকর্মীরা জানান, প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গোপালগঞ্জের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

গোপালগঞ্জের প্রবীণ আইনজীবী গোলাম মেহেদী খান আর নেই