গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলন।রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি যেমন এমআরআইসহ অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।সভায় সভাপতিত্ব করেন এমপি ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ।সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তারা হাসপাতালের সেবার মান উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, থানার ওসি, সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এমপি মিলন বলেন, সরকারের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল উদ্যোগ বাস্তবায়ন করা হবে এবং হাসপাতালকে আধুনিক মানে উন্নীত করা হবে।