বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

জাবিপ্রবির গণিত বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত, বড় স্বপ্ন দেখার আহ্বান উপাচার্যের

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার( ১৫ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সকাল ১১টা ১৫ মিনিটে এই অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল হেয়াত সজিব এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসাইন চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদিকুর রহমান।শুরুতেই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়। তিনি নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।স্বাগত বক্তব্যের পর বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থাপক একে একে তাঁদের নাম ও পদবি ঘোষণা করলে তাঁরা নবীন শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে নিজেদের পরিচয় দেন। এর মাধ্যমে নতুন শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।এরপর প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ নয়; এটি নিজেকে দক্ষ, সৃজনশীল ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি নবীন শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, ছোট একটি বিশ্ববিদ্যালয় হলেও এখান থেকেই আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।তিনি আরও বলেন, গণিত বিভাগের নবীন শিক্ষার্থীদের হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড ক্লাবের যাত্রা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিক্ষার্থীরা স্নাতক সম্পন্নের পর উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।সমাপনী বক্তব্যে গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল বলেন," তোমাদের নিয়ে আমাদের নানারকম ভিশন ও মিশন আছে। তোমাদের যথাযথ শিক্ষার পরিবেশ নিশিত করা, মান সম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা সহ অন্যান্য সকল প্রকার সহায়তার জন্য আমরা প্রস্তুত থাকব। পড়াশোনার পাশাপাশি নানারকম কো-কারিকুলাম এক্টিভিটিসে তোমাদের বিচরণ থাকবে এটা আমাদের প্রত্যাশা। পরিশেষে এই অনুষ্ঠান এতো সুন্দর ও সুচারু ভাবে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত এবং যারা এই বিষয়ে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ পুরো আয়োজনজুড়ে নবীন শিক্ষার্থীদের মধ্যে নতুন পথচলার উচ্ছ্বাস, প্রত্যাশা ও এক অন্য রকম আনন্দ লক্ষ করা যায়। বক্তাদের প্রতিটি দিকনির্দেশনা তারা গভীর মনোযোগের সঙ্গে শুনেছে। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে ঘিরে তাদের  উচ্ছ্বাস ও আগ্রহ অনুষ্ঠানজুড়ে ছিল স্পষ্ট।সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

জাবিপ্রবির গণিত বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত, বড় স্বপ্ন দেখার আহ্বান উপাচার্যের