সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি

খুলনায় সার্বিক নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান শুরু হয়েছে। নগর ভবনে পেট্রোলবোমা হামলার ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাসহ নগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান জানান, কয়েকদিন ধরে পুলিশের পক্ষ থেকে আলাদা টহল কার্যক্রম চলছিল। তবে সোমবার সকাল থেকে সন্ত্রাস দমনে এসআরবি, বিজিবি, আনসার ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা একসঙ্গে অভিযান ও টহল পরিচালনা করছেন।তিনি আরও জানান, গতরাতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ভবনের সামনের সিঁড়ির সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে বাইরে থেকে অতিরিক্ত ২০০ আনসার সদস্য আসার কথা রয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত তারা এসে পৌঁছাননি বলে জানান কেএমপি কমিশনার।৯ থানায় পুলিশের বিশেষ অভিযানএদিকে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসানো হয়েছে।অভিযানের অংশ হিসেবে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে।পুলিশ সুপার জানান, এসব অভিযানে ইতোমধ্যে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে গুলি বিনিময়এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে খুলনার দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা সড়কের কেডিএ মাঠ এলাকায় এসআরবি সদস্যদের সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনার সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও সশস্ত্র ব্যক্তিরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে।এ সময় আত্মরক্ষার্থে এসআরবি সদস্যরা শর্টগান থেকে তিন রাউন্ড গুলি ছোড়েন। পরে সন্দেহভাজন ব্যক্তিরা অন্ধকারে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।নগর ভবনে পেট্রোলবোমা হামলা, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা সব মিলিয়ে খুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নগরী ও জেলার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী এবং পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

খুলনায় সন্ত্রাস দমনে মাঠে যৌথ বাহিনী, নগরজুড়ে কঠোর নজরদারি