ক্লিন সিটির লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে ‘পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ চলছে।ইতোমধ্যে পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া, শান্তিবাগসহ আশপাশের এলাকায় বাসাবাড়ি থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হচ্ছে। এ কাজে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা যুক্ত রয়েছেন। পৌর কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশসম্মত করবে।কর্মশালায় বক্তারা বলেন, উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সহজে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং শহর পরিচ্ছন্ন রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা আরও বলেন, এ কার্যক্রম পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে। পৌরসভাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব এবং প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।