বিসিবির কোচ পরীক্ষায় ধস, ২১৮ জনে পাস মাত্র ২০
ক্রিকেটারদের টেকনিক ও দক্ষতা উন্নয়নের দায়িত্ব যাদের হাতে দেওয়ার কথা, তাদেরই বড় অংশ আটকে গেলেন নিয়োগ পরীক্ষার প্রথম ধাপে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা ও মহানগর পর্যায়ের কোচ নিয়োগ পরীক্ষায় আবেদনকারী ২১৮ জনের মধ্যে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২০ জন।৬১টি কোচ পদের জন্য নেওয়া এই পরীক্ষায় প্রথমে ৩৮ জন উত্তীর্ণ হলেও যাচাই-বাছাইয়ে প্রায় ২০ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে পারেননি বলে জানা গেছে। ফলে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীর সংখ্যা ১৮ থেকে ২০ জনে নেমে আসতে পারে।গত ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৫৯ জেলা ও ঢাকা মহানগরের দুটি পদের জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল ৪০।প্রতিবেদন অনুযায়ী, ২১৮ পরীক্ষার্থীর মধ্যে প্রায় ১৮০ জনই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কয়েকজন আবেদনকারী প্রায় খালি উত্তরপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে। ব্যবহারিক পরীক্ষাতেও অনেকের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।বিসিবির শর্ত অনুযায়ী, প্রার্থীদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা অথবা অন্তত লেভেল-১ কোচিং সনদ থাকতে হতো। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হওয়াও ছিল বাধ্যতামূলক। তবে আবেদনকারীদের মধ্যে প্রাথমিক শর্ত পূরণ করেছিলেন মাত্র ৯০ জন।এরপরও সবাইকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক পরিচয় ও সুপারিশের অভিযোগ উঠলেও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সহসভাপতি সাকিফ আহমেদ অভিযোগ অস্বীকার করেছেন।তিনি জানান, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পর্যাপ্ত আবেদনকারী না পাওয়ায় সবাইকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।প্রত্যাশিত মানের প্রার্থী না পাওয়ায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা করছে বিসিবি। প্রথম পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করা প্রার্থীদের বিবেচনায় রেখে বাকি পদগুলোর জন্য কিছু শর্ত শিথিল করে নতুন করে আবেদন নেওয়া হতে পারে।
তবে কোচ নিয়োগে ক্রিকেটীয় জ্ঞান ও কারিগরি দক্ষতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।