নিউইয়র্ক টাইমস নির্বাহীকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তা জোনাথন ম্যাককিনসে (৪০) গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং লটে তাকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তার শ্বশুর শৌইয়ং ঝাং (৭৭) ও শাশুড়ি শিলি চেনকে (৭৭) হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় ডাবলিন পুলিশ সার্ভিসেসের এক সার্জেন্ট পার্কিং লটে একজনকে পড়ে থাকতে দেখেন। একই সময়ে একাধিক প্রত্যক্ষদর্শী ৯১১-এ ফোন করেন। পরে প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ঘটনাস্থলের কাছ থেকে দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ম্যাককিনসের শরীরে একাধিক গুলির আঘাত ছিল এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। শৌইয়ং ঝাং ও শিলি চেন দুজনই ডাবলিনের বাসিন্দা এবং নিহতের শ্বশুর-শাশুড়ি। মামলার তদন্ত এখনো চলছে। ম্যাককিনসে নিউইয়র্ক টাইমস গেমসের প্রকৌশল বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালে তিনি প্রতিষ্ঠানটিতে যোগ দেন। নিউইয়র্ক টাইমস তার পদমর্যাদা নিশ্চিত করলেও হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। আদালতের নথি ও বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ম্যাককিনসে ও তার স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ও তিন সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি বিরোধ চলছিল। ২০২৩ সালে ম্যাককিনসের বিরুদ্ধে শিশু নির্যাতনসংক্রান্ত অভিযোগ ওঠে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সুরক্ষা আদেশের আবেদন করেন। ম্যাককিনসে সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর অনুমতি চেয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। অন্যদিকে, তিনি তার শাশুড়ির বিরুদ্ধে তাকে ও এক সন্তানকে লক্ষ্য করে বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগও করেছিলেন। এসব তথ্য আদালতের নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য পুলিশ এখনো প্রকাশ করেনি। তদন্তকারীরা ঘটনাটির পেছনের পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই এবং জননিরাপত্তার জন্য তাৎক্ষণিক কোনো হুমকিও নেই।