মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভুয়া কোভিড সনদ স্বীকার, জাতীয় দল থেকে জাকা বাইরে

ভুয়া কোভিড-১৯ টিকা সনদ সংগ্রহের কথা স্বীকার করে চলতি আন্তর্জাতিক উইন্ডোয় সুইজারল্যান্ড জাতীয় দলের ক্যাম্প থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক গ্রানিত জাকা।সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সুইস ফুটবল ফেডারেশন। ফেডারেশন ও জাকার যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, নেশন্স লিগের আসন্ন চার ম্যাচে তাকে ছাড়াই খেলবে সুইজারল্যান্ড।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাকা জানান, কোভিড টিকা নেওয়া নিয়ে সে সময় তার ভয় ও সংশয় ছিল। সেই পরিস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়ায় নিজের প্রশ্নের সমাধান না করে তিনি একটি টিকাসনদ সংগ্রহ করেছিলেন।নিজের সিদ্ধান্তকে ভুল স্বীকার করে জাকা বলেন, এখন তিনি বুঝতে পারছেন, ওই পথ সঠিক ছিল না। এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন তিনি।ঘটনাটি ২০২২ সালের, যখন জাকা আর্সেনালের হয়ে খেলছিলেন। বর্তমানে বিষয়টি নিয়ে লুসার্নের প্রসিকিউটর অফিস তদন্ত করছে। আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।তবে এখনো এ ঘটনায় জাকা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি।সুইস ফুটবল ফেডারেশনের সভাপতি পিটার নাবেল জানিয়েছেন, জাকা নিজেই বিষয়টি ফেডারেশনকে জানিয়েছেন এবং প্রকাশ্যে দায় নেওয়ার সিদ্ধান্তের কথা বলেছেন। দলের স্বার্থে চলতি আন্তর্জাতিক উইন্ডোয় তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।নেশন্স লিগে সুইজারল্যান্ড এবার উত্তর মেসিডোনিয়া ও স্কটল্যান্ডের মাঠে খেলবে। এরপর ঘরের মাঠে স্লোভেনিয়া ও আবারও উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে দলটি।আন্তর্জাতিক উইন্ডো শেষে জাকার পরিস্থিতি আবার পর্যালোচনা করবে সুইস ফুটবল ফেডারেশন। ৩৩ বছর বয়সী জাকা সুইজারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। ২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৫২ ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ডের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।

ভুয়া কোভিড সনদ স্বীকার, জাতীয় দল থেকে জাকা বাইরে