কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: হুইপ আখতারুজ্জামান
দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) খানসামা এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে স্বচ্ছভাবে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে।তিনি আরও বলেন, কৃষকবান্ধব নীতির ধারাবাহিকতায় সরকার মাঠপর্যায়ে খাদ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করেছে, যাতে কৃষকরা সহজে সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পান।উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে খানসামা ও পাকেরহাট এলএসডিতে মোট ২২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোজাম্মেল হোসেন জানান, প্রকৃত কৃষকদের তালিকা অনুযায়ী সরাসরি ধান ক্রয় করা হবে এবং অনিয়ম সহ্য করা হবে না।
উদ্বোধন শেষে হুইপ আখতারুজ্জামান মিয়া গুদামে সংরক্ষিত ধানের গুণগত মান পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে কৃষকদের মাঝে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা যায়।