রহনপুরে সার সংকটে কৃষকের বিক্ষোভ, ঘেরাও ইউএনও অফিস
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাসায়নিক সারের তীব্র সংকটের প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে বিক্ষোভ করেছেন রহনপুর ইউনিয়নের শত শত কৃষক।বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে রহনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকেরা একত্রিত হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের কার্যালয় ঘেরাও করে দ্রুত সার সংকট সমাধানের দাবি জানান।বিক্ষোভকারী কৃষকেরা জানান, চলতি রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চলছে। কিন্তু বাজারে প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে ঘুরেও চাহিদামতো সার না পাওয়ায় সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তাঁরা।কৃষকদের অভিযোগ, সারের কৃত্রিম সংকট তৈরি করে কেউ কেউ অতিরিক্ত মুনাফা নেওয়ার চেষ্টা করছে। তারা কৃত্রিম সংকট বন্ধ করে প্রকৃত কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ এবং সরকারি নির্ধারিত মূল্যে সার নিশ্চিত করার দাবি জানান।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান কৃষকদের বক্তব্য শোনেন এবং সারের সঠিক বণ্টন ও সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সার সরবরাহ পরিস্থিতি তদারকিতে মনিটরিং জোরদারের কথা জানান।
কৃষকেরা আশা করছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে গোমস্তাপুরে সারের সংকট নিরসন হবে এবং রোপা আমন চাষাবাদ স্বাভাবিক গতি ফিরে পাবে।