ক্ষেত দেখতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায়।নিহত মোতালেব হোসেন ওই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পাইকারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন।পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের ছেলে আলী হোসেন জানান, মাগরিবের নামাজের আগে তার বাবা নিয়মিতের মতো ক্ষেত দেখতে বের হন। তবে সেদিন আর জীবিত ফিরে আসেননি। পরিবারের দাবি, হত্যার সঙ্গে কারা জড়িত তা তারা জানেন না।ঘটনাস্থলে নিহতের মোবাইল ফোন এবং কোমড়ে বাঁধা থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, এটি লুটপাটের ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছে।