লংগদুতে দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানায় বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ এবং শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ৫ নম্বর ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সুপার ও পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা মো. ওমর ফারুক আল-কাদেরী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটির উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী।এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি পোকশাপাড়া-ভাসান্যাদম ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, রাঙ্গামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. রবিউল আলম, সাবেক কমিশনার মো. শহিদ চৌধুরী, সাংবাদিক মো. ইয়াছিন রানা সোহেল, গাউছিয়া কমিটির সদস্য মো. শামসুল আলম, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে মো. মিনহাজ মুরশীদ বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো সুশিক্ষা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।তিনি বলেন, ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে এসএসসি (দাখিল) পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরি, এতিম ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে মাদরাসা প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।