মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ইসলামপুরের প্রবাসী জামর আলী খুন, হত্যার পর ফেসবুকে উল্লাসের পোস্ট

জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর এলাকার কুয়েত প্রবাসী জামর আলী শেখ (৪২) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যার পর অভিযুক্তদের একজন ফেসবুকে “আলহামদুলিল্লাহ শত্রু খতম” লিখে পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে।নিহত জামর আলী শেখ ওই এলাকার মৃত মগবেল শেখের ছেলে। তিনি ৫ সন্তানের জনক ছিলেন। ধার-দেনা করে কুয়েতে যাওয়ার দুই বছরের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জামর আলীর সঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মো. সিরাজ আলী ও তার পরিবারের একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরে পারিবারিক বিরোধের কারণে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়।এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সিরাজ আলী, তার ছেলে কুয়েত প্রবাসী সেলিম মিয়া (৩৮) এবং সেলিমের ভাগ্নে সোহাগ (২৫)-এর নাম উঠে এসেছে। পরিবারের অভিযোগ, সিরাজ আলীর নির্দেশে সেলিম ও সোহাগ পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান।জানা গেছে, জামর আলী কুয়েতের আল রাজী হাসপাতালে কর্মরত ছিলেন। একই স্থানে কাজ করতেন অভিযুক্ত সেলিম ও সোহাগ। কুয়েতে যাওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ৩ জুলাই সেলিমের ফেসবুক আইডি থেকে হুমকিমূলক একটি পোস্ট দেওয়া হয়। সেখানে পরিবারের কাছে অভিযোগ করা বা আইনের আশ্রয় নিলে তাকে হত্যা করার কথা বলা হয় বলে অভিযোগ। এর চার দিন পর ৭ জুলাই তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “আলহামদুলিল্লাহ শত্রু খতম” লেখা পোস্ট দেওয়া হয়।অভিযোগ রয়েছে, ৭ জুলাই কর্মস্থল শেষে দুপুরের খাবারের জন্য রুমে গেলে সেলিম ও সোহাগ ধারালো অস্ত্র দিয়ে জামর আলীর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে আইনি প্রক্রিয়া শেষে কুয়েত থেকে জামর আলীর মরদেহ দেশে আনা হয়। নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নিহতের তিন মেয়ে ও দুই শিশু ছেলের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্বজন ও এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুরের প্রবাসী জামর আলী খুন, হত্যার পর ফেসবুকে উল্লাসের পোস্ট