সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ
সকালে হাসিমুখে স্কুলে গিয়েছিল ৯ বছরের শিশু কুলসুমা। সহপাঠীদের সঙ্গে খেলাধুলাও করেছে। টিউবওয়েল থেকে পানি পান করে ভবনের দোতলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিহত কুলসুমা ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসী জয়নাল মিয়া।জানা গেছে, সকালে বাসা থেকে চা-মুড়ি খেয়ে হাসিমুখে স্কুলে যায় কুলসুমা। বিদ্যালয়ে পৌঁছে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে সে। একপর্যায়ে ভবনের দোতলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় শিশুটি।পরে দ্রুত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।প্রিয় সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কুলসুমার মৃত্যুর খবরে পুরো নাসিরপুর গ্রামজুড়ে শোকের মাতম চলছে।তবে কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।কুলসুমার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
আল্লাহ তায়ালা শিশু কুলসুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার তাওফিক দান করুন। আমিন।