গোমস্তাপুরে তীব্র লোডশেডিং, মেলায় বিদ্যুৎ অপচয়ের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের মধ্যেই রহনপুর ডাকবাংলো প্রাঙ্গণে শুরু হয়েছে ‘তরুণ উদ্যোক্তা তাঁতবস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলা-২০২৬’। মেলায় অতিরিক্ত আলোকসজ্জা ও দিন-রাত মাইকিংয়ের কারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে-এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, পুরো উপজেলায় বর্তমানে বিদ্যুতের ঘাটতি চলছে। ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনাতেও ভোগান্তি হচ্ছে।এমন পরিস্থিতিতে মেলা প্রাঙ্গণে ব্যাপক আলোকসজ্জা ও চোখধাঁধানো লাইটিং দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, বিদ্যুৎ সংকটের সময় এ ধরনের অতিরিক্ত আলোকসজ্জা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে।মেলায় আসা দর্শনার্থীদের কয়েকজনের অভিযোগ, তাঁতবস্ত্র ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের দামও স্বাভাবিকের তুলনায় বেশি চাওয়া হচ্ছে।স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার আলোকসজ্জায় বিদ্যুতের ব্যবহার কমানো প্রয়োজন। পাশাপাশি পণ্যের মূল্য নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি দাবি করেছেন তারা।এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সচেতন নাগরিকরা অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।