সৈয়দপুরে প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে কিশোর-কিশোরীদের পুষ্টিবিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং সেকেন্ডারি সেকশন অফিসের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামাণিক।ওরিয়েন্টেশনে কিশোর-কিশোরীদের সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, কৈশোর মানুষের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে যথাযথ পুষ্টি নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের সুস্থ বিকাশ, মনোযোগ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।তারা আরও বলেন, কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।
ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সৈয়দপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন। এ সময় প্রধান শিক্ষকদের কৈশোরকালীন পুষ্টি, পুষ্টি সচেতনতা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।