রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, আকাশে কালো ধোঁয়া
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিস্ফোরণের শব্দের পর আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে রাতে সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় রিয়াদ ও আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। রয়টার্সের ছবিতেও বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকার কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রিয়াদ ও আল-খারজ এলাকায় জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থার মাধ্যমে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, খোলা জায়গা ও জানালা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সিভিল ডিফেন্স জানায়, ওই সতর্কতার ঝুঁকি কেটে গেছে। বিস্ফোরণ ও ধোঁয়ার ঘটনার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া গেছে। কয়েকটি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতি এমন সময়ে তৈরি হলো, যখন প্রতিবেশী ইয়েমেনে হুতি বাহিনী ও সৌদি আরবের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে হুতিদের হামলা ও সৌদি পাল্টা হামলার মধ্যে রিয়াদেও নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
তবে বিমানবন্দরের কাছে ধোঁয়া ওঠার তাৎক্ষণিক কারণ সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে ঘটনাটিকে হামলার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হলেও, ঘটনার পূর্ণাঙ্গ কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে তদন্ত ও যাচাই চলছে।