শুক্রবার, ১০ জুলাই ২০২৬
চেকপোস্ট

দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

রাজশাহীর কেশরহাট পৌর বাজার থেকে কামারগাঁগামী সড়কের দর্শনপাড়া এলাকায় নির্মিত একটি নতুন কালভার্ট নির্মাণের মাত্র দেড় মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনপাড়া মহল্লার সড়কের ওপর নির্মিত কালভার্টটির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম শুরু হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশে স্থানীয় বাসিন্দারা গাছের ডাল পুঁতে সতর্কতামূলক চিহ্ন বসিয়েছেন, যাতে চালকরা ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে চলতে পারেন।স্থানীয়দের অভিযোগ, নির্মাণের এত অল্প সময়ের মধ্যেই একটি নতুন কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়া স্বাভাবিক নয়। তাদের ধারণা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, নির্মাণে অনিয়ম অথবা যথাযথ তদারকির অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এলাকাবাসী দ্রুত ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী