মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়ন নিয়ে সেমিনার

নীলফামারীর সৈয়দপুরে ‘কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি উন্নয়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এএমডিএ ইনস্টিটিউট অব প্রফেশনালসের উদ্যোগে আয়োজিত সেমিনারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান প্রেক্ষাপট, দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা, কর্মবাজারের পরিবর্তিত চাহিদা এবং ভবিষ্যতের দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদা রিসার্চের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ফারুক হোসেন।সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, বাউস্টের অধ্যক্ষ ড. মো. শাহ আলম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) প্রকৌশলী শাহ সুফী নূর মোহাম্মদ, মো. আশরাফুল হক বাবু, সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা ও মো. আকবর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। পরিবর্তনশীল প্রযুক্তি ও কর্মবাজারের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।তারা আরও বলেন, প্রশিক্ষণের মানোন্নয়নের পাশাপাশি শিল্পখাতের চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তির ভূমিকা আরও বাড়ানো সম্ভব।প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।একই সঙ্গে দক্ষ ও কর্মমুখী প্রজন্ম গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার এবং প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। সেমিনারে সভাপতিত্ব করেন মো. আফজাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং তরুণদের কর্মমুখী দক্ষতায় সমৃদ্ধ করার ওপর গুরুত্ব দেন।

সৈয়দপুরে কারিগরি শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়ন নিয়ে সেমিনার