বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

বন্ধ কারখানা চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল আসছে

দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প ও কারখানাগুলো পুনরায় চালু করতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-এর মাধ্যমে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের প্রক্রিয়া চলছে।সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব শিল্পপ্রতিষ্ঠান অনিবার্য কারণে বন্ধ হয়ে গেছে এবং যারা ঋণ পরিশোধে আগ্রহী, তারা এই তহবিল থেকে স্বল্প সুদে কার্যকরী মূলধন ঋণ নিতে পারবে। বিশেষ ক্ষেত্রে মেয়াদী ঋণের সুবিধাও দেওয়া হতে পারে। সম্ভাব্য সুদের হার ১৩ শতাংশ নির্ধারণ করা হলেও এর ওপর প্রায় ৫ শতাংশ ভর্তুকি থাকতে পারে।এর আগে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ কারখানাগুলো চালু করে শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার কাজ করছে।তহবিল গঠনের আগে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে ১৯ সদস্যের একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। তারা শুধু তহবিল নয়, কারখানা পুনরুজ্জীবনে অন্যান্য সহায়তার বিষয়েও সুপারিশ দেবে।ইতোমধ্যে ব্যাংকগুলোকে ১০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে—এমন বন্ধ ও আংশিক বন্ধ কারখানার তালিকা জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।সূত্র জানায়, যেসব কারখানার বাজার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে জালিয়াতি বা অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত প্রতিষ্ঠানগুলো এ সুবিধার বাইরে থাকবে। এছাড়া কারখানা সচল করতে ঋণের ডাউনপেমেন্ট শর্ত শিথিল, দ্রুত তহবিল সহায়তা, আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাংকিং সুবিধা এবং কম মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার মতো প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

বন্ধ কারখানা চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল আসছে