শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে হামলা, ভিডিও ভাইরাল গ্রেফতার ২

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল আরোহী রাফিকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের রহস্য উদ্‌ঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)।পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের ১০০ গজ পূর্ব পাশে ইব্রাহিমপুর পাকা রাস্তায় ভিকটিম রাফি মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব শত্রুতার জেরে তার মাথার ডান পাশে ইট দিয়ে আঘাত করে।আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে রাফি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। পরে অভিযুক্তরা তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।এ ঘটনায় ভিকটিমের চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।মামলার তদন্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে শনাক্ত করা হয়। তারা হলো— মো. পারভেজ, মো. ফয়সাল ওরফে কালু, আনোয়ার হোসেন বাবু ও আমিন।পুলিশ জানায়, তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে পারভেজকে এবং ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলের কাছ থেকে ভিকটিমের মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে জানা যায়, পারভেজ পূর্বে ভিকটিম রাফির বাসায় ভাড়া থাকতেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে জানায় পুলিশ।গত ৯ জুন সন্ধ্যায় রাফির সঙ্গে পারভেজ ও কালুর কথাকাটাকাটি হয় এবং পরদিন রাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।ঘটনার পর আসামিরা ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে দাবি করে যে ওপর থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। পরে তাকে অটোরিকশায় করে ফেলে রেখে পালিয়ে যায় তারা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কাফরুলে মোটরসাইকেল আরোহীকে ইট দিয়ে হামলা, ভিডিও ভাইরাল গ্রেফতার ২