শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সরকারি ছুটির দিনে দাপ্তরিক কাজ শেষে দুপুরে বাড়ি ফিরে যান ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। পরে বেলা পৌনে ৩টার দিকে এক শিক্ষক ফোন করে তাঁকে জানান, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান খুলে নিয়ে যাচ্ছেন।খবর পেয়ে দ্রুত কলেজে পৌঁছে ঘটনার সত্যতা দেখতে পান বলে জানান অধ্যক্ষ। পরে কলেজের সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।থানায় দায়ের করা অভিযোগে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা প্রায় ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তসাপেক্ষ।

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক