৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ২৫ হাজার টাকা কর ছাড়
ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলে উৎসাহ দিতে নতুন কর প্রণোদনা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর বিবরণী জমা দিলে প্রদেয় করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়া যাবে।রোববার (২ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এনবিআর জানায়, ২০২৬-২৭ করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) কর প্রণোদনা পাবেন।তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিলে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না।এছাড়া নির্ধারিত সময়ের পর রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর দিতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন জমা দিলে ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।এনবিআর বলছে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন জমায় কর প্রণোদনা দেওয়ার মাধ্যমে করদাতাদের মধ্যে সময়মতো কর পরিশোধের প্রবণতা বাড়বে এবং কর ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা আসবে।চলতি করবর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। করদাতারা অনলাইনে রিটার্ন জমা দেওয়া এবং ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধা পাচ্ছেন।
রিটার্ন সঠিকভাবে জমা সম্পন্ন হলে করদাতারা তাৎক্ষণিকভাবে রসিদ ও আয়কর সনদ ডাউনলোড করতে পারবেন।