রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

কমলাপুর রেলস্টেশনে পরপর ২ ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্ল্যাটফর্মের একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্ল্যাটফর্মের নির্জন অংশে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ।তিনি আরও জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এর আগে শনিবার রাতে রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেলসংলগ্ন সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এদিকে একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রাত ৮টা ৫০ মিনিটের দিকে বাড্ডা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।এর আগে সন্ধ্যায় মিরপুর-১ ও মিরপুর-১১ এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর-১ এলাকায় পৌনে ৭টার দিকে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন ধরানোর চেষ্টা করা হয়। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে মিরপুর-১১-এর জমজম টাওয়ারের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমলাপুর রেলস্টেশনে পরপর ২ ককটেল বিস্ফোরণ